জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে বরিশালে দলটির বিক্ষোভ মিছিল করতে দেয়নি পুলিশ। এ ঘটনায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল মহানগর শাখার আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।বুধবার বিকেলে নগরীর লঞ্চঘাট এলাকার একটি রেস্টুরেন্ট থেকে তাঁকে হেফাজতে নেওয়া হয় বলে জানিয়েছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম।ওসি জানান, পুলিশের নির্দেশ অমান্য করে নগরীতে বিক্ষোভ করায় জাতীয় পার্টির নেতা মহসিন উল ইসলাম হাবুলকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে তাঁর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।জাতীয় পার্টির নেতাকর্মীদের ভাষ্য, দলীয় চেয়ারম্যানের বাসভবনে হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার বরিশালে শান্তিপূর্ণ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এ উপলক্ষে মহানগর শাখার আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলের নেতৃত্বে নেতাকর্মীরা জেলা পরিষদ চত্বরে সমবেত হন। সেখানে পুলিশ গিয়ে মিছিল না করার নির্দেশ দেয় এবং তাঁদের স্থানটি ছেড়ে যেতে বলে।পরে নেতাকর্মীরা নগরীর লঞ্চঘাট এলাকার একটি রেস্টুরেন্টে জড়ো হন। সেখানেই বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. বেল্লাল হোসাইনের নেতৃত্বে একটি দল অধ্যাপক হাবুলকে হেফাজতে নেয়।হেফাজতে নেওয়ার আগে অধ্যাপক হাবুল বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যানের উত্তরার বাসভবনে হামলার প্রতিবাদে তাঁরা শান্তিপূর্ণ কর্মসূচি পালনের জন্য জড়ো হয়েছিলেন। তিনি বলেন, ‘জাতীয় পার্টি নিবন্ধিত দল। এ দল রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, দেশের বিরোধী দলও ছিল। গণতান্ত্রিক দেশে আজ মিছিল করতে দেওয়া হলো না।’