সরেজমিন নিউজ

বাসা ভাড়া নিয়ে বিরোধ, নেত্রকোনায় দুই শিক্ষিকা সাময়িক বরখাস্ত

নেত্রকোনার মদনে বাসা ভাড়া নিয়ে বিরোধের জেরে বাড়ির মালিকের পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগে দুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস মঙ্গলবার (১৩ অক্টোবর) এ সিদ্ধান্ত নেয়। বুধবার (১৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহিদুল আজম।বরখাস্ত হওয়া দুই শিক্ষিকা হলেন পশ্চিম জাহাঙ্গীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লায়লা আক্তার লাবনী এবং ফচিকা মহিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আফরুজা আক্তার স্মৃতি।স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীরপুর কোর্ট বিল্ডিং এলাকায় প্রভাষক গিয়াস মাহমুদ ওরফে রুবেলের স্ত্রী শিক্ষিকা নুসরাত জাহান তাঁর মা রোকেয়া আক্তারকে নিয়ে বসবাস করেন। ক্যানসারে আক্রান্ত বৃদ্ধা মায়ের খোঁজ নিতে প্রতিদিন স্কুল থেকে ফেরার পথে বাসায় যান নুসরাত।গত ৫ অক্টোবর রোববার বিকেলে বাসায় গিয়ে তিনি দেখতে পান, ভাড়াটিয়া স্কুলশিক্ষিকা হাফছা আক্তারকে মারধর করা হচ্ছে। অভিযোগ অনুযায়ী, প্রতিবেশী শিক্ষিকা আফরুজা আক্তার স্মৃতি, তাঁর বোন লায়লা আক্তার লাবনী, তাঁদের মা মিলন আক্তার ও বোন মিতালী আক্তার বাসা ভাড়া নিয়ে বিরোধের জেরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন।এ সময় নুসরাত জাহান ও তাঁর মা রোকেয়া আক্তার বাধা দিতে গেলে তাঁদেরও মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। সেখানে থাকা আরেক শিক্ষিকা দীনা আক্তারও মারধরের শিকার হন। একপর্যায়ে ক্যানসারে আক্রান্ত রোকেয়া আক্তারকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলে তাঁর হাত ভেঙে যায়।এ ঘটনায় নুসরাত জাহানের স্বামী প্রভাষক গিয়াস মাহমুদ রুবেল ৬ অক্টোবর সোমবার রাতে মদন থানায় পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করেন। পরে মামলার আসামি দুই শিক্ষিকা ও তাঁদের মাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।এরপর দুই শিক্ষিকার বিরুদ্ধে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহিদুল আজম জানান, মারামারির ঘটনায় দুই শিক্ষিকা কারাগারে থাকায় তাঁদের বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।মদন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা সুলতানা বলেন, জেলা অফিস থেকে আদেশটি ই-মেইলে পাঠানো হয়ে থাকতে পারে। তবে তখনো তিনি ই-মেইলটি দেখেননি। দেখে বিস্তারিত জানাতে পারবেন বলে জানান তিনি।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহিদুল আজম আরও জানান, বরখাস্তের চিঠি মদন উপজেলা শিক্ষা অফিসে পাঠানো হয়েছে। দুই শিক্ষিকা যেদিন থেকে কারাগারে গেছেন, সেদিন থেকেই সাময়িক বরখাস্তের আদেশ কার্যকর হবে।

বাসা ভাড়া নিয়ে বিরোধ, নেত্রকোনায় দুই শিক্ষিকা সাময়িক বরখাস্ত