প্রিন্ট এর তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬
দুবাইয়ে সুযোগ পাচ্ছে ১ হাজার বাংলাদেশি চালক, আবেদনের শর্ত কী?া
সরেজমিন রিপোর্ট ||
মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান অর্থনৈতিক হাব সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ট্যাক্সি চালানোর সুযোগ পাচ্ছেন এক হাজার বাংলাদেশি চালক। দুবাই ট্যাক্সি কোম্পানি তাদের সেবার পরিধি বাড়াতে বাংলাদেশ থেকে এই বিপুল সংখ্যক কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২৯ ও ৩০ আগস্ট রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (বিকেটিটিসি) বাছাই প্রক্রিয়া ও সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।দুবাই থেকে আসা একটি প্রতিনিধি দল সরাসরি ঢাকায় উপস্থিত থেকে প্রার্থী নির্বাচন করবে। বাংলাদেশে এই নিয়োগ কার্যক্রমের সার্বিক পরিচালনায় রয়েছে সরকার অনুমোদিত জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান আল আনাস ওভারসিজ (আরএল-২৭৩৫)।প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দুবাই ট্যাক্সি কোম্পানির একটি প্রতিনিধি দল মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ থেকে দক্ষ চালক নেওয়ার আগ্রহের কথা জানায়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ২৭টি দেশের প্রায় ১৫ হাজার ড্রাইভার কর্মরত আছেন, যার অর্ধেকেরও বেশি অর্থাৎ প্রায় ৮ হাজার জনই বাংলাদেশি। বাংলাদেশি কর্মীদের সততা ও কঠোর পরিশ্রমের সুনামের কারণেই মূলত এবারও বাংলাদেশকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এমনকি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি নারী চালকেরাও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন বলে প্রতিনিধি দলটি উল্লেখ করে।বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীকে কমপক্ষে মাধ্যমিক বা এসএসসি পাশ হতে হবে এবং প্রার্থীর বয়স হতে হবে ২৩ থেকে ৪৯ বছরের মধ্যে। প্রাথমিক চুক্তি দুই বছরের হলেও এটি পরবর্তীতে নবায়নযোগ্য। নির্বাচিত চালকেরা প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী কাজের ওপর ভিত্তি করে কমিশন সুবিধায় আকর্ষণীয় আয় করার সুযোগ পাবেন।
চাকরির শর্ত হিসেবে নির্বাচিত কর্মীদের দুবাইয়ের ড্রাইভিং লাইসেন্স, স্বাস্থ্য পরীক্ষা এবং এমিরেটস আইডি সংক্রান্ত যাবতীয় খরচ বহন করবে নিয়োগকারী কোম্পানি। এছাড়া কর্মীদের আবাসনের ব্যবস্থা কোম্পানি করবে, তবে গাড়ি হস্তান্তরের তিন মাস পর থেকে আবাসন বাবদ নির্ধারিত অর্থ প্রতি মাসের বেতন থেকে কেটে নেওয়া হবে। সাক্ষাৎকারে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের সঙ্গে করে মূল পাসপোর্ট, পাসপোর্টের রঙিন ফটোকপি, সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি, ড্রাইভিং লাইসেন্স ও তার রঙিন কপি, জীবনবৃত্তান্ত এবং শিক্ষা সনদের রঙিন ফটোকপি নিয়ে আসার জন্য অনুরোধ করা হয়েছে। আমিরাতের প্রচলিত শ্রম আইন মেনেই নিয়োগপ্রাপ্ত কর্মীদের অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক-
কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত