প্রিন্ট এর তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬
কারাগার থেকে শেষ দেখা: স্বামীর প্রয়াণে দীপু মনির আইনি পদক্ষেপা
সরেজমিন রিপোর্ট ||
সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনির স্বামী, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী তৌফীক নাওয়াজ আর নেই। মঙ্গলবার রাতে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।পারিবারিক সূত্রে জানা গেছে, তৌফীক নাওয়াজ দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। গত সোমবার হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টা ২৭ মিনিটে তাঁর মৃত্যু ঘটে।বর্তমানে জুলাই অভ্যুত্থান-সম্পর্কিত একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে মুন্সিগঞ্জ জেলা কারাগারে বন্দি রয়েছেন দীপু মনি। স্বামীর মৃত্যুখবর পাওয়ার পর তাঁকে শেষবারের মতো জানাজা ও শেষকৃত্যে অংশ নেওয়ার সুযোগ দিতে আদালতের মাধ্যমে প্যারোলে মুক্তির আইনি প্রক্রিয়া শুরু করা হচ্ছে।দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, মরদেহের শেষ বিদায় ও জানাজায় স্ত্রীর উপস্থিতি নিশ্চিত করতে স্বজনদের পক্ষ থেকে পুনরায় প্যারোলে মুক্তির আবেদন দাখিল করা হচ্ছে। এর আগেও অসুস্থ স্বামীর সঙ্গে সাক্ষাতের জন্য পরিবারের তরফ থেকে প্যারোলে মুক্তির আবেদন করা হলেও তা মঞ্জুর হয়নি।পেশায় আইনজীবী হওয়ার পাশাপাশি তৌফীক নাওয়াজ একজন উচ্চাঙ্গসংগীত চর্চাকারী ও বিশিষ্ট নাগরিক ছিলেন। তাঁর প্রয়াণে আইনি ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক-
কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত