প্রিন্ট এর তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬
মির্জা ফখরুলকে জারদারির অভিনন্দন, ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক জোরদারে আশাবাদা
সরেজমিন রিপোর্ট ||
বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। একই সঙ্গে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে সুবিধাজনক সময়ে তাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানান পাকিস্তানের প্রেসিডেন্ট।অভিনন্দনবার্তায় আসিফ আলী জারদারি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের ধারায় আরও এগিয়ে যাবে এবং দেশের মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা রয়েছে।বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, দুই দেশের মধ্যে ইতিহাস, ধর্মীয় মূল্যবোধ ও সাংস্কৃতিক ঐতিহ্যের নানা অভিন্ন দিক রয়েছে। এসব ভিত্তির ওপর দাঁড়িয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক ও ঐতিহাসিক সম্পর্ক তৈরি হয়েছে।সাম্প্রতিক সময়ে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে সম্পর্কের ইতিবাচক পরিবর্তনকেও স্বাগত জানান জারদারি। ভবিষ্যতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও বিস্তৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।পাকিস্তানের প্রেসিডেন্ট আরও বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের পারস্পরিক সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যেতে এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ, সহযোগিতা ও বিনিময় বাড়াতে তিনি বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।মির্জা ফখরুলের সম্ভাব্য পাকিস্তান সফর দুই দেশের রাজনৈতিক, কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন আসিফ আলী জারদারি।বার্তার শেষাংশে বাংলাদেশের জনগণের শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করেন পাকিস্তানের প্রেসিডেন্ট।
সম্পাদক ও প্রকাশক-
কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত