প্রিন্ট এর তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬
হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খানা
সরেজমিন রিপোর্ট ||
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ফের কারাগারে পাঠানো হয়েছে। চিকিৎসকদের পরীক্ষায় তিনি ‘মেডিক্যালি ফিট’ হিসেবে বিবেচিত হওয়ার পর শুক্রবার (২১ আগস্ট) সকালে তাকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।সুপ্রিম কোর্টের নির্দেশনার পর বৃহস্পতিবার গভীর রাতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইমরান খানকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চক্ষু, হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞদের একটি দল তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে।পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, চিকিৎসকদের মূল্যায়নে ইমরান খানকে শারীরিকভাবে সুস্থ ঘোষণা করা হয়েছে। শুক্রবার ভোরে হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষার খবর প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টা পর তিনি এ তথ্য জানান।সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তথ্যমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী ২০ ও ২১ আগস্টের মধ্যবর্তী রাতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে বন্দিকে হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তার বিস্তারিত পরীক্ষা সম্পন্ন করেন।তিনি আরও জানান, পুরো চিকিৎসা প্রক্রিয়ায় ইমরান খানের বোন উজমা খান উপস্থিত ছিলেন। পরীক্ষা ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর শুক্রবার আনুমানিক ভোর ৫টার দিকে তাকে আবার আদিয়ালা কারাগারে নেওয়া হয়।পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষার জন্য চক্ষু, হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞদের নিয়ে চিকিৎসক দল গঠন করা হয়েছিল। তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, পরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে শারীরিকভাবে ফিট ঘোষণা করেন।ইমরান খানকে হাসপাতালে নেওয়াকে কেন্দ্র করে ইসলামাবাদে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। হাসপাতাল ভবন ও আশপাশের এলাকা নিরাপত্তার আওতায় নেওয়ার পাশাপাশি সড়কগুলোতে একাধিক নিরাপত্তা চৌকি স্থাপন করা হয়। হাসপাতাল চত্বরের ভেতরে ও বাইরে প্রায় ৮০০ নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।সুপ্রিম কোর্টের নির্দেশ বাস্তবায়নের অংশ হিসেবে গত মঙ্গলবারের আদেশ অনুযায়ী ইমরান খানকে হাসপাতালে নেওয়া হয়। নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পিতরাস বুখারি রোড ব্যবহার করে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালের ১ নম্বর গেট দিয়ে প্রবেশ করানো হয়।হাসপাতালটি ইসলামাবাদের সেক্টর এইচ-৮ এলাকায় অবস্থিত। ওই এলাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি দপ্তর রয়েছে।ডনের প্রতিবেদনে আরও বলা হয়, ইমরান খানকে হাসপাতালে নেওয়ার সময় ইসলামাবাদ পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা নির্দেশনা জারি করা হয়েছিল। এতে সাধারণ মানুষের জীবন, সম্পদ ও মর্যাদা সুরক্ষা, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং যান চলাচল স্বাভাবিক রাখার বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়।নিরাপত্তা প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণ করতে ইসলামাবাদ পুলিশের প্রধান সৈয়দ আলি নাসির রিজভি দুবার হাসপাতাল এলাকা পরিদর্শন করেন।কারাগারে ইমরানের দীর্ঘদিনের বন্দিত্বতোশাখানা উপহারের তথ্য গোপন করার অভিযোগে ২০২৩ সালের ৫ আগস্ট থেকে কারাগারে রয়েছেন ইমরান খান। বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে আল-কাদির ট্রাস্ট মামলায় ১৪ বছরের সাজা ভোগ করছেন তিনি। মামলাটি ১৯ কোটি পাউন্ডের দুর্নীতি মামলা হিসেবেও পরিচিত।কারাগারে থাকার সময় ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন তার দল পিটিআইয়ের নেতাকর্মীরা। এ নিয়ে দলের সমর্থকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভও তৈরি হয়েছে।হাসপাতালে নেওয়া ও পরে আবার কারাগারে ফেরত পাঠানোর ঘটনায় ইমরান খানের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সম্পাদক ও প্রকাশক-
কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত