প্রিন্ট এর তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬
মন্ত্রিসভায় বড় রদবদল ও সম্প্রসারণের আলোচনাা
সরেজমিন রিপোর্ট ||
সরকারের ছয় মাসের কার্যক্রম পর্যালোচনার পর মন্ত্রিসভায় পরিবর্তন আনার আলোচনা নতুন করে জোরালো হয়েছে। কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বে রদবদলের পাশাপাশি মন্ত্রিসভায় নতুন মুখ যুক্ত করার বিষয়েও চলছে তোড়জোড়। সম্ভাব্য তালিকায় বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতা ছাড়াও জোটের শরিক দলের নেতাদের নাম রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।সূত্রগুলোর দাবি, আগামী শুক্রবার অথবা শনিবারের মধ্যেই মন্ত্রিসভা পুনর্গঠন ও সম্প্রসারণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এ নিয়ে প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরগুলোতেও প্রস্তুতি শুরু হয়েছে।মন্ত্রিসভায় নতুন সদস্য যুক্ত হওয়ার সম্ভাবনাকে সামনে রেখে ইতোমধ্যে কয়েকটি সরকারি গাড়ি প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, রদবদল ও সম্প্রসারণ মিলিয়ে প্রায় ৬ থেকে ৭ জনের জায়গা হতে পারে।একাধিক সূত্র বলছে, বিএনপির জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি সরকারের সঙ্গে থাকা জোটের শরিক দলের নেতাদের মধ্য থেকেও এবার মন্ত্রী বা প্রতিমন্ত্রী করা হতে পারে। সম্ভাব্য তালিকায় বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের এমপি মোহাম্মদ শামীম কায়সারের নামও আলোচনায় রয়েছে।মন্ত্রিপরিষদ বিভাগের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৩ থেকে ৫টি গাড়ি প্রস্তুত রাখা, শপথের প্রয়োজনীয় ফোল্ডার ও আমন্ত্রণপত্রসহ আনুষঙ্গিক প্রস্তুতি সম্পন্ন করতে বলা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই নতুন মন্ত্রিসভা সদস্যদের শপথ হতে পারে বলেও জানান তিনি।সরকারি যানবাহন অধিদপ্তরের কর্মকর্তারাও জানিয়েছেন, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কয়েকটি গাড়ি প্রস্তুত রাখার নির্দেশনা এসেছে। পতাকাবাহী গাড়ি, নির্ধারিত চালকসহ প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।তবে শুধু নতুন সদস্য অন্তর্ভুক্তিই নয়, গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বেও পরিবর্তন আসতে পারে বলে আলোচনা রয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তার হাতে থাকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব নতুন কারও কাছে দেওয়ার প্রয়োজন হচ্ছে। এ ছাড়া আরও কয়েকটি মন্ত্রণালয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দায়িত্ব পুনর্বণ্টনের বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।সম্ভাব্য পরিবর্তনের আলোচনায় বিজেপির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থের নামও রয়েছে। তাকে মন্ত্রিসভায় নেওয়া হতে পারে বলে গুঞ্জন রয়েছে। পাশাপাশি মাহমুদুর রহমান মান্নাকে টেকনোক্রেট কোটায় মন্ত্রী করার বিষয়েও আলোচনা চলছে বলে সূত্রের দাবি।বিএনপির জ্যেষ্ঠ নেতাদের মধ্য থেকে স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল এবং যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলকে মন্ত্রিসভায় যুক্ত করার সম্ভাবনা নিয়েও আলোচনা রয়েছে।দপ্তর পুনর্বণ্টনের ক্ষেত্রেও কয়েকটি পরিবর্তনের কথা শোনা যাচ্ছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব সালাহউদ্দিন আহমদকে দেওয়া হতে পারে বলে আলোচনা রয়েছে। সে ক্ষেত্রে শহীদ উদ্দিন চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সম্ভাবনার কথাও বলা হচ্ছে।স্থানীয় সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বেও পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।তবে মন্ত্রিসভায় কারা যুক্ত হচ্ছেন এবং কোন মন্ত্রণালয়ের দায়িত্বে কী পরিবর্তন আসছে—এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে আলোচনায় থাকা নাম ও দায়িত্ব বণ্টনের বিষয়গুলো চূড়ান্ত সিদ্ধান্তের আগ পর্যন্ত পরিবর্তিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক-
কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত