প্রিন্ট এর তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬
তেজগাঁও থানায় হঠাৎ স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন যে নির্দেশা
নিজস্ব প্রতিবেদক ||
রাজধানীর তেজগাঁও থানা আকস্মিকভাবে পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২২ আগস্ট) থানায় গিয়ে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ সদস্যদের কর্মপরিবেশ এবং সাধারণ মানুষকে দেওয়া সেবার মান সরেজমিনে পর্যালোচনা করেন।পরিদর্শনের সময় থানায় দায়িত্ব পালনরত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। তিনি থানা ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এর মধ্যে ছিল প্রশাসনিক ও তদন্ত কর্মকর্তাদের কক্ষ, ডিউটি অফিসারের কক্ষ, হাজতখানা, পুলিশ সদস্যদের থাকার ব্যারাক এবং ডাইনিং স্পেস।পুলিশ সদস্যদের আবাসন ও দৈনন্দিন সুযোগ-সুবিধার বিষয়েও খোঁজ নেন স্বরাষ্ট্রমন্ত্রী। ব্যারাক পরিদর্শনের সময় তিনি মেসের খাবারের মান, পরিচ্ছন্নতা এবং বসবাসের পরিবেশ ঠিক রাখার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি রাত ও পালাভিত্তিক দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের ডিউটি সূচি এবং কর্মপরিবেশ সম্পর্কেও জানতে চান।পরিদর্শনের একপর্যায়ে থানায় সেবা নিতে আসা সাধারণ নাগরিকদের সঙ্গেও কথা বলেন সালাহউদ্দিন আহমদ। জিডি ও অভিযোগ করতে আসা ব্যক্তিদের কাছ থেকে সরাসরি তাঁদের সমস্যার কথা শোনেন তিনি।ভুক্তভোগীদের অভিযোগ দ্রুত এবং স্বচ্ছ প্রক্রিয়ায় নিষ্পত্তির জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় নির্দেশনা দেন মন্ত্রী।তিনি বলেন, পুলিশের দায়িত্ব শুধু আইনশৃঙ্খলা রক্ষা করা নয়; জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের প্রয়োজনীয় সেবা দেওয়াও পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। সাধারণ মানুষ যাতে কোনো ধরনের ভয় বা দ্বিধা ছাড়াই থানায় এসে নিজেদের সমস্যার কথা জানাতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে।স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, থানাকে জনগণের কাছে আস্থা ও নির্ভরতার জায়গা হিসেবে গড়ে তুলতে হবে। কোনো ধরনের মধ্যস্থতা ছাড়াই নাগরিকরা যেন সরাসরি পুলিশের কাছে তাদের অভিযোগ জানাতে পারেন, সেটিও নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক-
কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত