প্রিন্ট এর তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬
গণমাধ্যম নিয়ে তথ্যমন্ত্রীর কড়া বার্তাঃ ১৭ বছর হাত বেঁধে রাখা হয়েছিলা
নিজস্ব প্রতিনিধি ||
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে দেশের সংবাদমাধ্যম স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে বাধার মুখে ছিল বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তাঁর ভাষ্য, দীর্ঘ সময় গণমাধ্যমের ওপর এমন নিয়ন্ত্রণ তৈরি হয়েছিল, যাতে সংবাদমাধ্যমের স্বাধীন ভূমিকা বাধাগ্রস্ত হয়।রোববার (২৩ আগস্ট) সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।আন্দালিভ রহমান পার্থ বলেন, একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থায় সংবাদমাধ্যমের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের সামনে সরকারের কর্মকাণ্ড, সিদ্ধান্ত ও বিভিন্ন বিষয়ে সঠিক তথ্য তুলে ধরার ক্ষেত্রে গণমাধ্যমের স্বাধীন ভূমিকার প্রয়োজন রয়েছে।তিনি বলেন, ‘সংবাদমাধ্যম গণতন্ত্রের একটি স্তম্ভ। গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেঁধে দেওয়া হয়েছিল। গণতন্ত্রের জন্য সংবাদমাধ্যমের ভূমিকা অস্বীকার করার সুযোগ নেই।’তথ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, সরকারের কর্মকাণ্ড শুধু বাস্তবায়ন করলেই হবে না, সেগুলো সম্পর্কে জনগণকে বিশ্বাসযোগ্য ও যথাযথ তথ্য দেওয়ার ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও কার্যক্রম সাধারণ মানুষের কাছে স্পষ্টভাবে পৌঁছে দেওয়ার ওপর তিনি গুরুত্ব দেন।আন্দালিভ রহমান পার্থ বলেন, রাষ্ট্র পরিচালনা ও সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে দেশের ইতিহাস, ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধের চেতনাকে বিবেচনায় রাখতে হবে। এসব বিষয়কে সামনে রেখেই সরকারের কর্মকাণ্ড পরিচালনা করার প্রয়োজন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।একই সঙ্গে সরকারি দায়িত্বে থাকা ব্যক্তিদের সতর্কতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। তাঁর বক্তব্য, ক্ষমতা বা দায়িত্ব পালনের ক্ষেত্রে এমন কোনো কর্মকাণ্ড করা উচিত নয়, যাতে অন্যায় বা অনিয়মের সুযোগ তৈরি হয়।তথ্যমন্ত্রী সরকারি কাজে সমন্বয়ের ওপরও গুরুত্ব দেন। তিনি বলেন, এককভাবে নয়, পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে দলগতভাবে কাজ করতে হবে।তিনি বলেন, ‘আমাদের দ্বারা যেন কোনো অন্যায় না হয়। টিমওয়ার্ক করে কাজ করতে হবে।’জনগণের ভোটে সরকার দায়িত্ব পেয়েছে উল্লেখ করে পার্থ বলেন, এই আস্থার মর্যাদা রক্ষা করা সরকারের অন্যতম দায়িত্ব। তাই জনগণের প্রত্যাশা বিবেচনায় নিয়ে রাষ্ট্র পরিচালনা এবং সরকারি কর্মকাণ্ড পরিচালনা করতে হবে।
তথ্যমন্ত্রীর বক্তব্যে একদিকে সংবাদমাধ্যমের স্বাধীনতার বিষয়টি যেমন গুরুত্ব পেয়েছে, অন্যদিকে সরকারের কর্মকাণ্ডে স্বচ্ছতা, জনগণের কাছে জবাবদিহি এবং দায়িত্বশীলতার ওপরও জোর দেওয়া হয়েছে
সম্পাদক ও প্রকাশক-
কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত