প্রিন্ট এর তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬
নতুন আইনে বদলে যাচ্ছে আর্মড পুলিশের ভূমিকাঃসংসদে পাস হলে বাড়বে বাহিনীর দায়িত্বা
নিজস্ব প্রতিনিধি ||
আর্মড পুলিশ ব্যাটালিয়নের দায়িত্ব ও কার্যক্রমের পরিধি বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে খসড়াটি অনুমোদন করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।প্রস্তাবিত আইনটি জাতীয় সংসদে পাস হলে জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভিআইপি ব্যক্তিদের নিরাপত্তা এবং সরকার ঘোষিত গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের ভূমিকা আরও বিস্তৃত হবে।খসড়া আইনে সন্ত্রাস, মাদক, মানবপাচার, ধর্ষণ ও মানবতাবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দায়িত্বও এ বাহিনীকে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি দেশের অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজন অনুযায়ী সহায়তা করার বিষয়টিও আইনের আওতায় রাখা হয়েছে।মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী, বর্তমান ব্যবস্থাকে সময়োপযোগী করার পাশাপাশি আর্মড পুলিশ ব্যাটালিয়নকে আরও জনবান্ধব ও কার্যকর করার লক্ষ্যেই নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যমান অধ্যাদেশের পরিবর্তে বাংলায় নতুন আইন করার প্রস্তাব করা হয়েছে।প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, পুলিশের একজন অতিরিক্ত মহাপরিদর্শকের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে আর্মড পুলিশ ব্যাটালিয়নের কার্যক্রম পরিচালিত হবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রচলিত আইন ও ফৌজদারি কার্যবিধি অনুসরণ করতে হবে।এ ছাড়া ইউনিটের সদস্যদের ফৌজদারি অপরাধের তদন্ত ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার আইনি ক্ষমতা দেওয়ার প্রস্তাব রয়েছে। তবে এসব কার্যক্রম প্রচলিত আইন ও ফৌজদারি কার্যবিধির বিধান মেনেই পরিচালিত হবে।খসড়ায় বিশেষ আদালত ও সংক্ষিপ্ত আদালত গঠন এবং সেসব আদালতে বিচার পরিচালনার বিধান রাখার প্রস্তাবও করা হয়েছে। এর মাধ্যমে বাহিনীর অভ্যন্তরীণ ও সংশ্লিষ্ট বিচারিক কার্যক্রমের জন্য নির্দিষ্ট কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, আইন মন্ত্রণালয়ের ভেটিং সম্পন্ন হওয়ার পর খসড়াটি চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এখন জাতীয় সংসদে বিল আকারে উপস্থাপনের পর আইনটি কার্যকর হওয়ার পথ তৈরি হবে।নতুন আইন কার্যকর হলে আর্মড পুলিশ ব্যাটালিয়নের দায়িত্ব শুধু নিরাপত্তা ও সহায়ক কার্যক্রমে সীমাবদ্ধ না থেকে অপরাধ দমন ও তদন্তের ক্ষেত্রেও আরও বিস্তৃত হতে পারে।
সম্পাদক ও প্রকাশক-
কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত