প্রিন্ট এর তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬
কালীগঞ্জে নির্মাণাধীন ফ্যাক্টরিতে নিরাপত্তাকর্মীর লাশ, আমগাছের নিচে বুট জোড়াা
নিজস্ব প্রতিনিধি ||
গাজীপুরের কালীগঞ্জে একটি নির্মাণাধীন কারখানার ভেতর থেকে মো. আব্দুল হান্নান (৫৫) নামে এক নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে একটি আমগাছের নিচে তাঁর ব্যবহৃত এক জোড়া বুট পড়ে থাকতে দেখা গেছে।মঙ্গলবার (২৫ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার নাগরী ইউনিয়নের উলুখোলা বড়ইতলা এলাকার নির্মাণাধীন কারখানায় এ ঘটনা ঘটে।নিহত আব্দুল হান্নান কুড়িগ্রামের রাজিবপুর থানার বালিয়ামারি মণ্ডল এলাকার মৃত সলিমুদ্দিন আকন্দের ছেলে। জীবিকার প্রয়োজনে তিনি কালীগঞ্জে বসবাস করতেন এবং ওই নির্মাণাধীন কারখানায় নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।ঘটনাটি নিয়ে রহস্য তৈরি হয়েছে সময়ের ব্যবধানকে ঘিরে। সংশ্লিষ্টরা জানান, ভোর সাড়ে ৪টার দিকে হান্নানকে তাঁর দায়িত্বস্থলে স্বাভাবিক অবস্থায় দেখেছিলেন ইনচার্জ। এর প্রায় এক ঘণ্টা পরই তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।নিহতের ভাতিজা আব্দুল আজিজ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি আমগাছের ডালে বুটের লেস দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় চাচাকে ঝুলতে দেখেন। গাছটির কাছাকাছি তাঁর ব্যবহৃত বুট জোড়াও পড়ে ছিল।তবে কেন হান্নান এমন সিদ্ধান্ত নিলেন, সে বিষয়ে পরিবারের সদস্যরা কোনো কারণ জানাতে পারেননি। ফলে তাঁর মৃত্যুকে ঘিরে স্বজনদের মধ্যেও নানা প্রশ্ন তৈরি হয়েছে।পরে পরিবারের পক্ষ থেকে কালীগঞ্জ থানায় অপমৃত্যুর সংবাদ দেওয়া হয়।কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার পারিপার্শ্বিক বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক-
কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত