প্রিন্ট এর তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬
ভারত সিরিজ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই নতুন সিরিজ টাইগারদেরা
সরেজমিন রিপোর্ট ||
ভারতের বিপক্ষে সেপ্টেম্বরে বাংলাদেশের সম্ভাব্য সিরিজ নিয়ে অনিশ্চয়তা এখনো পুরোপুরি কাটেনি। এর মধ্যেই অক্টোবরের আন্তর্জাতিক সূচিতে নতুন সিরিজ যুক্ত হয়েছে টাইগারদের। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট এবং সাদা বলের তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ।আফগানিস্তান সিরিজটির আয়োজক দেশ। ফলে ম্যাচগুলোর দিনক্ষণ এবং সাদা বলের তিন ম্যাচ কোন সংস্করণে হবে, তা আফগানিস্তান ক্রিকেট বোর্ডই নির্ধারণ করবে। ওয়ানডে, টি-টোয়েন্টি কিংবা দুই সংস্করণ মিলিয়ে ম্যাচ আয়োজনের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত শাহরিয়ার নাফীস সিরিজটির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অক্টোবরের এই সফরে একটি লাল বলের ম্যাচ ও তিনটি সাদা বলের ম্যাচ থাকবে। স্বাগতিক হিসেবে আফগানিস্তানই ম্যাচের সময়সূচি ও সংস্করণ চূড়ান্ত করবে।আফগানিস্তানের বিপক্ষে টেস্টটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতির সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ বছরের শেষ দিকে টেস্ট ক্রিকেটে ব্যস্ত সময় কাটাবে বাংলাদেশ দল।অক্টোবর-নভেম্বরে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। তাদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর দক্ষিণ আফ্রিকা সফরে দুটি টেস্টের পাশাপাশি তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার সূচি রয়েছে টাইগারদের।ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। বর্তমান পয়েন্ট তালিকায় বাংলাদেশের অবস্থান চতুর্থ। চলমান চক্রে বাংলাদেশের শেষ সিরিজ হবে ইংল্যান্ডের বিপক্ষে। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট খেলার কথা রয়েছে। ২০১৬ সালের পর সেটিই হতে পারে ইংল্যান্ডের প্রথম বাংলাদেশ সফর।অন্যদিকে ভারতের বিপক্ষে বাংলাদেশের সিরিজ নিয়েও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী সিরিজটি ২৮ আগস্ট শুরু হওয়ার কথা থাকলেও সেপ্টেম্বরে আয়োজনের সম্ভাবনা নিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনা চলছে। সূচিতে পরিবর্তন আসতে পারে বলে সম্প্রতি ইঙ্গিতও দিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।সব মিলিয়ে ভারতের বিপক্ষে সিরিজের ভবিষ্যৎ অনিশ্চিত থাকলেও আফগানিস্তানের বিপক্ষে অক্টোবরের সিরিজ বাংলাদেশের আন্তর্জাতিক সূচিতে নতুন ব্যস্ততা যোগ করছে।
সম্পাদক ও প্রকাশক-
কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত