প্রিন্ট এর তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬
চাঁদাবাজির অভিযোগ নথিবদ্ধে নতুন ওয়েবসাইট ‘চান্দাবিডি’া
সরেজমিন রিপোর্ট ||
চাঁদাবাজির অভিযোগ ও নাগরিকদের অভিজ্ঞতা নথিবদ্ধ করতে ‘চান্দাবিডি ডটকম’ নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু হয়েছে। চাঁদা দাবি, ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা কিংবা ব্যবসা ও নির্মাণকাজকে কেন্দ্র করে অবৈধ অর্থ দাবির মতো ঘটনা এখানে পরিচয় গোপন রেখে জানাতে পারবেন নাগরিকেরা।উদ্যোক্তাদের ভাষ্য, চাঁদাবাজির ধরন, কোন এলাকায় বা কোন খাতে এ ধরনের অভিযোগ বেশি আসছে—সে বিষয়ে একটি উন্মুক্ত ধারণা তৈরি করাই প্ল্যাটফর্মটির মূল উদ্দেশ্য। বিদেশের বিভিন্ন নাগরিক-রিপোর্টিং উদ্যোগের পাশাপাশি ঘুসের অভিযোগ নথিবদ্ধকারী ‘ঘুস ডট সাইট’-এর অভিজ্ঞতা কাজে লাগিয়ে এটি তৈরি করা হয়েছে।ওয়েবসাইটে অভিযোগ জানানোর সময় ঘটনার এলাকা, সময়, সংশ্লিষ্ট খাত, চাঁদা দাবির ধরন, আনুমানিক অর্থের পরিমাণ এবং ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার সুযোগ রয়েছে। ব্যবহারকারীর নাম, ফোন নম্বর বা ই-মেইল নেওয়া হয় না এবং অভিযোগ জানাতে আলাদা অ্যাকাউন্ট খোলারও প্রয়োজন নেই।তবে প্ল্যাটফর্মটির পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, ওয়েবসাইটে প্রকাশিত কোনো অভিযোগকে আদালতে গ্রহণযোগ্য প্রমাণ, তদন্তের ফলাফল কিংবা প্রমাণিত অপরাধ হিসেবে বিবেচনা করা যাবে না। এগুলো মূলত নাগরিকদের দেওয়া অভিজ্ঞতার নথি। প্রকাশের আগে ভুল তথ্য, ব্যক্তিগত আক্রমণ কিংবা কারও ব্যক্তিগত তথ্য প্রকাশ ঠেকাতে অভিযোগগুলো মডারেশনের আওতায় নেওয়া হবে।চালুর পর কয়েক ঘণ্টার মধ্যেই ওয়েবসাইটের পাবলিক লেজারে নয়টি রিপোর্ট জমা পড়ে। এসব অভিযোগে চাওয়া বা দেওয়া অর্থের মোট পরিমাণ প্রায় ৯ লাখ ৬০ হাজার ৭০০ টাকা বলে প্ল্যাটফর্মটিতে দেখানো হয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন এলাকার অভিযোগ বেশি।একটি অভিযোগে টঙ্গী পৌরসভা কার্যালয়ে ট্রেড লাইসেন্স নবায়নের নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত ৫০০ টাকা চাওয়ার কথা বলা হয়েছে। আরেকটি অভিযোগে মিরপুরের ৬০ ফুট এলাকায় নির্মাণাধীন ভবনের কাজের সময় এক লাখ টাকা চাঁদা দাবি করার কথা উল্লেখ করা হয়েছে।পূর্ব শেওড়াপাড়ায় সড়ক উন্নয়নকাজের সময় পানি ও গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে পরে তা ঠিক করে দেওয়ার কথা বলে ১০ হাজার টাকা করে চাওয়ার অভিযোগও রয়েছে। পল্টন এলাকায় ময়লার বিলের নামে প্রতি মাসে ২০০ টাকা আদায়ের অভিযোগও প্রকাশ করা হয়েছে। এসব অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করা হয়নি।ওয়েবসাইটে ব্যবসাপ্রতিষ্ঠান, ভবন ও রিয়েল এস্টেট, সড়ক নির্মাণ ও উন্নয়নসহ বিভিন্ন খাতের জন্য আলাদা বিভাগ রাখা হয়েছে। পাশাপাশি দেশের আটটি প্রশাসনিক বিভাগ অনুযায়ীও অভিযোগ দেখার সুযোগ রয়েছে।উদ্যোক্তাদের দাবি, কাউকে অপমান বা অপরাধী হিসেবে চিহ্নিত করা নয়; বরং চাঁদাবাজির অভিজ্ঞতাগুলো দায়িত্বশীলভাবে সংরক্ষণ, জনসচেতনতা তৈরি এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে সমস্যার চিত্র তুলে ধরাই এ উদ্যোগের লক্ষ্য।
সম্পাদক ও প্রকাশক-
কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত