প্রিন্ট এর তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬
পূর্বধলায় মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ছাত্রলীগের ১৪ নেতাকর্মী গ্রেপ্তারা
নিজস্ব প্রতিনিধি ||
নেত্রকোনার পূর্বধলায় মোটরসাইকেল নিয়ে মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ছাত্রলীগের ১৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ ঘটনায় ২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।শুক্রবার (২৮ আগস্ট) ভোরে উপজেলার খলিশাউড় ইউনিয়নের পাবই এলাকায় শ্যামগঞ্জ-জারিয়া সড়কে এ অভিযান চালানো হয়।পুলিশ জানায়, ভোরে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জেলা সভাপতি পদপ্রার্থী হাসিব ইবনে হান্নান রিদমের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী ২৫ থেকে ৩০টি মোটরসাইকেল নিয়ে পাবই এলাকায় জড়ো হন। পরে তাঁরা মোটরসাইকেল নিয়ে সড়কে মিছিল করার প্রস্তুতি নেন।বিষয়টি স্থানীয় গ্রামপুলিশের নজরে এলে তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেন। খবর পেয়ে পূর্বধলা থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছালে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা মোটরসাইকেল নিয়ে বিভিন্ন দিকে সরে যাওয়ার চেষ্টা করেন।পুলিশ তাঁদের ধাওয়া করে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ১১ জনকে আটক করে। পরে নেত্রকোনা জেলা ডিবির পৃথক অভিযানে আটপাড়া উপজেলার সুখারি ও শ্রীরামপাশা এলাকা থেকে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। ময়মনসিংহের গৌরীপুর থেকেও আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে পুলিশ ও ডিবির অভিযানে ১৪ জন গ্রেপ্তার হন।গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন আটপাড়ার মারুফ হোসেন মুন্না, সিয়াম আহমেদ, শিপন মিয়া ও ইবনে শফি সামি দ্বীপ। পূর্বধলার জাহিদুল হাসান ফয়সাল, নাঈম ইসলাম, লোকমান আহম্মেদ, ফজলে এলাহী ময়না, মাহফুজ আকম শরীফ, শাওন শেখ ও ইমরানও গ্রেপ্তার হয়েছেন।এ ছাড়া ডিবির অভিযানে আরিফ জাহান বিজয় ও রুদ্র মিয়াকে গ্রেপ্তার করা হয়। অপর একজনকে গৌরীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ জানায়, অভিযানের সময় ঘটনাস্থল থেকে তিনটি মোটরসাইকেল উদ্ধার করে জব্দ করা হয়েছে।এ ঘটনায় পূর্বধলা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ তাইজুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। মামলায় ২৫ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।পুলিশের অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে মিছিলে অংশ নেওয়া কয়েকজন পালিয়ে যান। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে।
পূর্বধলা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হাবিবুর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক-
কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত