প্রিন্ট এর তারিখ : ১৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬
রাড্ডাসহ হামলা-ভাঙচুরে জড়িতদের দলীয় পরিচয় দেখা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রীা
সরেজমিন রিপোর্ট ||
রাজধানীর বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এ ক্ষেত্রে তাদের দলীয় পরিচয় বিবেচনা করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হবে। এ ক্ষেত্রে কারও দলীয় পরিচয় বিবেচনায় নেওয়া হবে না।রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনায় পুলিশের অবহেলা ও ব্যর্থতার অভিযোগ ওঠার পর সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।এ ছাড়া ইসিবি চত্বরের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর অন্যান্য স্থানে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।এর আগে রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনায় অভিযোগ ওঠে, বৃহস্পতিবার মধ্যরাতে মাথায় লাল কাপড় ও মুখোশ পরা ২৫০ জনের বেশি লোক দেশীয় অস্ত্র নিয়ে ক্লিনিকটিতে হামলা চালায়। তারা দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে ক্লিনিকের মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, ভ্যাকসিন, ফ্রিজ, এসি, নগদ টাকা ও অন্যান্য মালামাল লুট করে। পরে স্থাপনাটিতেও ব্যাপক ভাঙচুর চালানো হয়।রাড্ডা ক্লিনিক কর্তৃপক্ষের দাবি, হামলায় তাদের প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।অন্যদিকে, নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান নাজিম উদ্দিন ভূঁইয়া অভিযোগ করেছেন, শনিবার রাতে জমি দখলের উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল তাদের প্রকল্পে হামলা চালায়। তার দাবি, হামলাকারীরা প্রকল্পের প্রায় ৫০ কোটি টাকার সম্পদ লুট করে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়।তিনি আরও অভিযোগ করেন, ভাষানটেক এলাকার কিশোর গ্যাং ও ভাড়াটে সশস্ত্র সন্ত্রাসীদের ব্যবহার করে একটি অপরাধী চক্র এ হামলা চালিয়েছে।এদিকে, শনিবার সকালে রাজধানীর গুলিস্তানে জাসদের কার্যালয়ে গোপন বৈঠক চলাকালে আটক ব্যক্তিদের মধ্যে ২৪৯ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আটক ব্যক্তিদের পল্টন ও শাজাহানপুর থানায় রাখা হয়েছিল।স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে দুই থানায় আরও ২৭ জন আটক রয়েছেন। তাদের বিষয়ে তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক-
কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত