সরেজমিন নিউজ

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় নারী এমপিকে গাড়িচাপায় হত্যাচেষ্টা, বাদ দিতে হলো এক পা

অস্ট্রেলিয়ার ফেডারেল পার্লামেন্টের স্বতন্ত্র সদস্য হেলেন হেইনসকে (৬৫) উদ্দেশ্যপ্রণোদিতভাবে গাড়িচাপা দিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। গত সোমবার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের ওয়াংগারাত্তা শহরে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় অস্ত্রোপচারের মাধ্যমে তার একটি পা বিচ্ছিন্ন করতে হয়েছে চিকিৎসকদের।হামলার ঘটনায় ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, হামলাটি ‘পরিকল্পিত’ ও ‘ইচ্ছাকৃত’।আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি সূত্রে জানা যায়, সোমবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে নিজের নির্বাচনী কার্যালয়ের বাইরে গাড়ির পেছন থেকে মালামাল বের করছিলেন হেলেন হেইনস। এ সময় একটি টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়ি সরাসরি এসে তাকে চাপা দেয়। এতে দুটি গাড়ির মাঝে পিষ্ট হয়ে তিনি মারাত্মকভাবে জখম হন।অভিযুক্ত ব্যক্তির নাম ব্রেন্ডন নিউজান্ট বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে নিশ্চিত করা হয়েছে। তার বিরুদ্ধে মারাত্মক বিপজ্জনকভাবে গাড়ি চালানো, ইচ্ছাকৃতভাবে গুরুতর শারীরিক ক্ষতি সাধন এবং একজন সরকারি কর্মকর্তাকে হামলার শিকার করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।বুধবার তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এক সাক্ষাৎকারে বলেন, "গাড়িটি প্রথমে শহরের প্রধান সড়ক দিয়ে এগিয়ে যায় এবং পরে হঠাৎ ঘুরে এসে সরাসরি হেইনসকে সজোরে ধাক্কা দেয়। অস্ট্রেলিয়ার গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই।"স্থানীয় সূত্রের খবর, হেলেন হেইনসকে আকাশপথে দ্রুত মেলবোর্নের আলফ্রেড হাসপাতালে নেওয়া হয়। সোমবার রাতে সেখানে তার জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়। চিকিৎসকরা তার একটি পা বিচ্ছিন্ন করেছেন এবং অপর পা বাঁচানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভিক্টোরিয়া পুলিশ জানিয়েছে, তার অবস্থা বর্তমানে সংকটাপন্ন হলেও স্থিতিশীল রয়েছে।হামলার পরপরই আশপাশের প্রত্যক্ষদর্শীরা এগিয়ে এসে চালককে ধরে ফেলেন। রিকি জেফেরিজ নামে এক নরসুন্দর সাহসিকতার পরিচয় দিয়ে চালকের হাত থেকে ছুরি কেড়ে নিয়ে পুলিশ না আসা পর্যন্ত তাকে আটকে রাখেন।ভিক্টোরিয়া পুলিশের নেতৃত্বাধীন এ ঘটনার যৌথ তদন্তে যুক্ত হয়েছে অস্ট্রেলীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (ASIO) এবং কেন্দ্রীয় সন্ত্রাসবিরোধী ইউনিট।২০১৯ সাল থেকে ইন্ডাই আসন থেকে নির্বাচিত এই এমপি দেশটির রাজনীতিতে স্বচ্ছতা, গ্রামীণ স্বাস্থ্যসেবা ও সামাজিক নীতি নির্ধারণে অত্যন্ত জোরালো ভূমিকা রেখে আসছিলেন। রাজনীতিতে যোগ দেওয়ার আগে তিনি একজন ধাত্রী হিসেবে কর্মরত ছিলেন।ঘটনায় গভীর দুঃখ ও ক্ষোভ প্রকাশ করে লিবারেল পার্টির নেতা অ্যাঙ্গাস টেলর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেন, "আমাদের দেশ কোনোভাবেই এমন জায়গায় পরিণত হতে পারে না যেখানে রাজনৈতিক প্রতিনিধি বা সাধারণ মানুষের ওপর হিংসাত্মক হামলা স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়াবে।"ডানপন্থী ‘ওয়ান নেশন’ পার্টির প্রধান পলিন হ্যানসনসহ দেশটির বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং হেইনসের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

অস্ট্রেলিয়ায় নারী এমপিকে গাড়িচাপায় হত্যাচেষ্টা, বাদ দিতে হলো এক পা