সৌদি আরবে বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি এ সিদ্ধান্তের কথা জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থগিতাদেশ বাংলাদেশ সময় ও তারিখ অনুযায়ী ১৭ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে।
এর আগে সোমবার ঢাকা–রিয়াদ রুটের ফ্লাইটগুলোও একই সময়সীমা পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল। নতুন সিদ্ধান্তের ফলে ঢাকা থেকে সৌদি আরবের এই দুই গন্তব্যে বিমানের সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ থাকছে।
স্থগিত ফ্লাইটগুলো আবার কবে চালু হবে, সে বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। নতুন যাত্রাসূচিও যথাসময়ে প্রকাশ করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
জরুরি প্রয়োজনে সৌদি আরবে যাওয়া কিংবা সেখান থেকে বাংলাদেশে ফিরতে ইচ্ছুক যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করতে পারবেন।
এ ক্ষেত্রে টিকিট, ভ্রমণ এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য জানতে নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন