সরেজমিন নিউজ
আপরাধ

পিপিডির নির্বাহী পরিচালক অধ্যাপক জোসেফ আকিনকুগবে আদেলেগানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও দেশত্যাগে নিষেধাজ্ঞা

আর্থিক অনিয়মের অভিযোগে ফৌজদারি মামলার মুখোমুখি হয়েছেন নাইজেরীয় নাগরিক অধ্যাপক জোসেফ আকিনকুগবে আদেলেগান। একই সঙ্গে কর্মী ছাঁটাই, কর্মক্ষেত্রে হয়রানি, প্রাতিষ্ঠানিক পরিচালনা এবং বাংলাদেশে সংস্থাটির আইনি মর্যাদা নিয়েও উঠেছে গুরুতর প্রশ্ন।

অর্থ আত্মসাৎ ও সংস্থার তহবিলের অপব্যবহারের অভিযোগে করা একটি ফৌজদারি মামলায় ঢাকাভিত্তিক আন্তর্জাতিক সংস্থা পার্টনার্স ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (পিপিডি) নির্বাহী পরিচালক অধ্যাপক জোসেফ আকিনকুগবে আদেলেগানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন ঢাকার একটি মহানগর হাকিম আদালত।

আদালতের নথি থেকে জানা গেছে, ২০২৬ সালের ২৬ অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়। এরপর ১ নভেম্বর আদালত বাংলাদেশ পুলিশের ইমিগ্রেশন প্রশাসনকে নির্দেশ দেন, আদালতের পূর্বানুমতি ছাড়া অধ্যাপক জোসেফ আকিনকুগবে আদেলেগান যেন দেশ ছাড়তে না পারেন, সে জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে।

পিপিডির এক সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা সিআর মামলা নম্বর ১৮৩/২০২৬ দায়ের করেন। আদালত দণ্ডবিধির ৪০৬ (অপরাধমূলক বিশ্বাসভঙ্গ) ও ৪২০ (প্রতারণা) ধারায় আদেলেগানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৫ সালের অক্টোবরে পিপিডির নেতৃত্ব নেওয়ার পর থেকে আদেলেগান আর্থিক অনিয়ম ও প্রাতিষ্ঠানিক সম্পদের অব্যবস্থাপনায় জড়িয়ে পড়েন। এর পাশাপাশি পৃথক অভিযোগে কর্মীদের বেআইনিভাবে চাকরিচ্যুত করা, কর্মক্ষেত্রে হয়রানি ও ভয়ভীতি দেখানো, বেতন ও চিকিৎসা ভাতার অর্থ আটকে রাখা এবং নিয়োগ, পদোন্নতি ও বিদেশ সফরে অনিয়মের বিষয়গুলোও উঠে এসেছে।

অভিযোগগুলো বর্তমানে বিচারাধীন এবং আদালতে এখনো অপরাধ হিসেবে প্রমাণিত হয়নি। পরবর্তী সময়ে ১৯ নভেম্বর আদেলেগান আদালতে হাজির হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পরোয়ানা বা দেশত্যাগের নিষেধাজ্ঞার বিষয়ে আদালত নতুন কোনো সিদ্ধান্ত দিয়েছেন কি না, তা জানতে সর্বশেষ নথি যাচাই করা প্রয়োজন।

হিসাব অনুযায়ী, পিপিডির মোট আয়ের আনুমানিক ৪৫ শতাংশ আসে বাংলাদেশ সরকারের অনুদান ও ঢাকায় পিপিডি ভবনের ভাড়া থেকে। প্রায় ৩৫ শতাংশ আসে চীন থেকে এবং বাকি ২০ শতাংশ আসে অন্যান্য সদস্যদেশ থেকে। এই পরিসংখ্যান সামনে আসার পর সংস্থাটির আর্থিক জবাবদিহি এবং যথাযথ তদারকি নিশ্চিতে সদস্যদেশগুলোর দায়িত্ব নিয়ে নতুন প্রশ্ন উঠেছে।

বাংলাদেশে পিপিডির আইনি অবস্থান ও দাবি করা বিশেষ সুবিধা নিয়ে প্রশ্ন ফৌজদারি অভিযোগের পাশাপাশি বাংলাদেশে পিপিডির আইনি ভিত্তি এবং সংস্থাটির শীর্ষ নেতৃত্বের দাবি করা কূটনৈতিক সুবিধা ও দায়মুক্তির বৈধতা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) পটভূমি-সংক্রান্ত নথি অনুযায়ী, ১৯৯৪ সালের আন্তর্জাতিক জনসংখ্যা ও উন্নয়ন সম্মেলনের (আইসিপিডি) কর্মপরিকল্পনা বাস্তবায়নে দশটি সদস্যদেশকে সহায়তা করতে ১৯৯৬ সালে ঢাকায় পিপিডির সচিবালয় প্রতিষ্ঠিত হয়। শুরুতে এটি ইউএনডিপি ও ইউএনএফপিএর অর্থায়নে পরিচালিত একটি প্রকল্প ছিল।

১৯৯৬ সালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশ সরকার ও পিপিডির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। ওই চুক্তির আওতায় ইউএনএফপিএর মাধ্যমে নিয়োগ পাওয়া আন্তর্জাতিক কর্মীদের প্রকল্পের কাজের সীমার মধ্যে জাতিসংঘের কর্মীদের মতো প্রচলিত কিছু সুবিধা ও দায়মুক্তি দেওয়া হয়েছিল।

তবে প্রশাসনিক নথিপত্র বলছে, ২০০১ সালে পিপিডি ইউএনডিপি ও ইউএনএফপিএর কাঠামো থেকে বেরিয়ে স্বাধীন সংস্থায় রূপান্তরিত হওয়ার পর ১৯৯৬ সালের সমঝোতা স্মারকের কার্যকারিতা শেষ হয়ে যায়। এরপর থেকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে নতুন কোনো 'হোস্ট কান্ট্রি অ্যাগ্রিমেন্ট' বা স্বাগতিক দেশের আনুষ্ঠানিক চুক্তি না করেই পিপিডি ঢাকায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এমনকি এনজিও বিষয়ক ব্যুরোর বাধ্যতামূলক নিবন্ধনও সংস্থাটি নেয়নি।

পর্যবেক্ষক ও প্রশাসনিক নথির তথ্য বলছে, দুই দশকের বেশি সময় ধরে এই আইনি ও নিয়ন্ত্রক শূন্যতার কারণে পিপিডির ওপর স্বাগতিক দেশের কার্যকর আইনি তদারকি ছিল না।

সংস্থার অভ্যন্তরীণ সূত্রগুলোর অভিযোগ, আর্থিক অনিয়ম নিয়ে প্রশ্ন তোলা কিংবা আনুষ্ঠানিক আইনি নিবন্ধন ও জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী জবাবদিহির নিয়ম চালুর দাবি জানানো স্থানীয় কর্মীদের কেউ কেউ প্রতিশোধমূলক চাকরিচ্যুতির শিকার হয়েছেন। এতে প্রাতিষ্ঠানিক সংস্কারও থমকে গেছে।

কর অব্যাহতি ও আন্তর্জাতিক চুক্তির আওতায় দায়মুক্তির আইনি ভিত্তি কতটুকু? পিপিডির উপবিধিতে সংস্থাটিকে একটি আন্তঃসরকারি প্রতিষ্ঠান হিসেবে বর্ণনা করা হয়েছে। তবে আইন বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে আন্তঃসরকারি প্রতিষ্ঠানের মর্যাদা অর্জন এবং কূটনৈতিক দায়মুক্তি পেতে হলে দেশের প্রচলিত আইন কিংবা সরকারের অনুমোদিত হোস্ট কান্ট্রি অ্যাগ্রিমেন্ট থাকতে হবে। ১৯৯৬ সালের সমঝোতা স্মারকের ১৪ নম্বর অনুচ্ছেদেও এ ধরনের আইনি ব্যবস্থার প্রয়োজনীয়তার কথা স্পষ্টভাবে উল্লেখ ছিল।

১৯৯৫ সালে নিউইয়র্কে পিপিডির নির্বাহী কমিটির সভার কার্যবিবরণীর ৩ নম্বর আলোচ্যসূচি ছিল 'ফিন্যান্সিয়াল অ্যান্ড লিগ্যাল স্ট্যাটাস অব পার্টনার্স'। ওই কার্যবিবরণী অনুযায়ী, সংস্থাটির আন্তর্জাতিক আইনি নিবন্ধনের সম্ভাব্য উপায় নির্ধারণের জন্য অন্তর্বর্তী সচিবালয় ও ইউএনএফপিএকে আইন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে ১৯৯৫ সালের নভেম্বরের মধ্যে প্রস্তাব তৈরির নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু বাংলাদেশে সেই প্রক্রিয়া কখনোই শেষ হয়নি।

পিপিডির কর ব্যবস্থাপনা ও কূটনৈতিক মর্যাদা নিয়েও প্রশ্ন রয়েছে। ২০০৩ সালে পররাষ্ট্র মন্ত্রণালয় পিপিডিকে কূটনৈতিক তালিকাভুক্ত করার বিষয়ে একটি চিঠি দিয়েছিল ঠিকই, তবে নথিপত্র বলছে, ইউএনডিপি ও ইউএনএফপিএর অর্থায়ন কাঠামো থেকে আলাদা হওয়ার সময় সংস্থাটির কর-সংক্রান্ত অবস্থান নিয়ে প্রাথমিক জিজ্ঞাসার অংশ হিসেবে ওই চিঠি দেওয়া হয়েছিল।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পিপিডিকে কর অব্যাহতি দিয়ে কোনো সংবিধিবদ্ধ নিয়ন্ত্রণ আদেশ (এসআরও) জারি করেনি। বাংলাদেশের আইন অনুযায়ী, কেবল অনানুষ্ঠানিক চিঠিপত্রের মাধ্যমে কর ছাড় বা কূটনৈতিক দায়মুক্তি পাওয়া যায় না; এর জন্য সুনির্দিষ্ট আইনি ক্ষমতা, কার্যকর এসআরও অথবা মন্ত্রিসভা অনুমোদিত দ্বিপক্ষীয় চুক্তি থাকতে হয়।

১৯৪৬ সালের জাতিসংঘের বিশেষ সুবিধা ও দায়মুক্তি-সংক্রান্ত কনভেনশন, জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মধ্যকার চুক্তি এবং পিপিডির নিজস্ব চার্টার, উপবিধি, চাকরির চুক্তি ও নিয়োগ বিজ্ঞপ্তি পর্যালোচনা করেও নির্বাহী পরিচালককে ব্যক্তিগত কূটনৈতিক দায়মুক্তি দেওয়ার কোনো বিধান পাওয়া যায়নি।

কূটনৈতিক মর্যাদা, নাকি সাধারণ বিদেশি পেশাজীবী? আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ও দেশত্যাগে নিষেধাজ্ঞার পর প্রশ্ন উঠেছে, অধ্যাপক জোসেফ আকিনকুগবে আদেলেগান কোন আইনি ভিত্তিতে বাংলাদেশে কূটনৈতিক ধরনের ভিসা বা বসবাসের অনুমতি পেয়েছেন? বিষয়টি স্পষ্ট করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আন্তর্জাতিক প্রটোকল ও ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন অনুযায়ী, কোনো দেশের ফৌজদারি ও দেওয়ানি বিচারিক এখতিয়ার থেকে ব্যক্তিগত দায়মুক্তি কেবল প্রেরক রাষ্ট্রের আনুষ্ঠানিকভাবে স্বীকৃত কূটনীতিক কিংবা অনুমোদিত আন্তর্জাতিক চুক্তির আওতাভুক্ত স্বীকৃত আন্তর্জাতিক কর্মকর্তাদের ক্ষেত্রেই প্রযোজ্য। সাধারণ নিয়োগপ্রক্রিয়ায় চাকরি পাওয়া কোনো ব্যক্তি কেবল প্রশাসনিক নিবন্ধন বা যোগাযোগের তালিকায় নাম থাকার জোরে কূটনৈতিক দায়মুক্তি পান না।

জাতিসংঘের কর্মকর্তা, বিশেষ মিশনে নিয়োজিত বিশেষজ্ঞ এবং সদস্যদেশগুলোর প্রতিনিধিদের সুবিধা ও দায়মুক্তি ১৯৪৬ সালের জাতিসংঘ কনভেনশন ও প্রযোজ্য অন্যান্য চুক্তির মাধ্যমে নির্ধারিত হয়। কিন্তু ১৯৪৬ সালের ওই কনভেনশন কোনো স্বাধীন সংস্থার কর্মীকে স্বয়ংক্রিয়ভাবে জাতিসংঘের কর্মকর্তা বা কূটনৈতিক প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দেয় না। পিপিডির কোনো কর্মী এমন সুবিধা দাবি করলে তার পক্ষে সুনির্দিষ্ট আইনি দলিল ও আনুষ্ঠানিক স্বীকৃতির প্রমাণ থাকতে হবে।

জাতিসংঘ ও স্বাগতিক দেশের নথিপত্র থেকেই বোঝা যাওয়ার কথা, আদেলেগানকে এমন কোনো মর্যাদা দেওয়া হয়েছে কি না। আইনজ্ঞদের মতে, অধ্যাপক আদেলেগান পিপিডির বেতনভুক্ত কর্মী মাত্র—তিনি কোনো দেশের স্বীকৃত কূটনীতিক বা জাতিসংঘের কর্মকর্তা নন। তা ছাড়া বাংলাদেশের সঙ্গে পিপিডির অনুমোদিত হোস্ট কান্ট্রি অ্যাগ্রিমেন্ট বা মন্ত্রিসভার অনুমোদনও নেই। তাই তিনি বাংলাদেশের আদালতের এখতিয়ার থেকে দায়মুক্ত নন। বাংলাদেশে কর্মরত একজন সাধারণ বিদেশি নাগরিক হিসেবেই তাঁর বিরুদ্ধে দেশের প্রচলিত আইন, আদালতের পরোয়ানা ও বিচারিক ব্যবস্থা প্রযোজ্য হবে।

এ ছাড়া পিপিডির নির্বাহী পরিচালক নিয়োগের নীতিমালাতেও কূটনৈতিক মর্যাদার কোনো বিধান নেই। পিপিডির উপবিধি থেকেও বাংলাদেশ সরকারের সঙ্গে জাতীয় আইনের মাধ্যমে এ ধরনের দায়মুক্তি প্রতিষ্ঠাকারী কোনো বাধ্যতামূলক চুক্তির তথ্য পাওয়া যায়নি। ফলে শুধু নির্বাহী পরিচালক পদে নিয়োগ পাওয়াকে বিশেষ কূটনৈতিক বা অভিবাসন মর্যাদার প্রমাণ হিসেবে ধরা যায় না।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, পিপিডির ক্ষেত্রে প্রযোজ্য ব্যবস্থায় নির্বাহী পরিচালক কেবল তাঁর দাপ্তরিক দায়িত্ব পালনের ক্ষেত্রে সীমিত 'কার্যগত দায়মুক্তি' (ফাংশনাল ইমিউনিটি) পান। বাংলাদেশের আইনি ব্যবস্থা থেকে তাঁর কোনো সীমাহীন ব্যক্তিগত দায়মুক্তি নেই।

ওই কর্মকর্তার ব্যাখ্যা অনুযায়ী, এই দায়মুক্তি কেবল সুরক্ষিত দাপ্তরিক কাজের বেলায় প্রযোজ্য। ব্যক্তিগত আচরণ বা অনিয়মের অভিযোগে আইনি ব্যবস্থা নিতে এটি কোনো বাধা নয়। কার্যগত দায়মুক্তির সীমার বাইরের যেকোনো বিষয়ে নির্বাহী পরিচালককে আদালতের কাছে জবাবদিহি করতেই হবে।

পরিচালনা পর্ষদে সংকট ও স্বাগতিক দেশ বাংলাদেশের উদ্বেগ পিপিডির অভ্যন্তরীণ প্রশাসনিক নথিতে নির্বাহী পরিচালক, স্বাগতিক দেশ বাংলাদেশ এবং সংস্থাটির বোর্ড ও নির্বাহী কমিটির সদস্যদের মধ্যে গুরুতর বিরোধের তথ্য মিলেছে।

অভিযোগ উঠেছে, আদেলেগান পিপিডিতে বাংলাদেশের সদস্যপদ ও ভোটাধিকার নিয়ে প্রশ্ন তুলেছেন, স্বাগতিক দেশের বোর্ড সদস্যের তদারকির ভূমিকা অস্বীকার করেছেন এবং নিয়োগ ও চাকরিচ্যুতির ক্ষমতাসংক্রান্ত নীতিমালায় পরিবর্তন আনার চেষ্টা করেছেন। অথচ পিপিডির আনুষ্ঠানিক নিয়োগ বিজ্ঞপ্তি ও নির্বাহী পরিচালকের পদের দায়িত্ববিবরণীতে স্পষ্ট বলা আছে, নির্বাহী পরিচালক বোর্ডের চেয়ারপারসনের কাছে জবাবদিহি করবেন এবং বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্বকারী স্বাগতিক দেশের বোর্ড সদস্য তাঁর সরাসরি তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করবেন।

নির্বাচিত বোর্ড চেয়ার নির্বাহী পরিচালকের প্রশাসনিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর স্বাধীন তদন্তের আহ্বান জানিয়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করলে বিরোধ আরও তীব্র হয়। এরপরই পিপিডির অফিশিয়াল ওয়েবসাইট থেকে চেয়ারের নাম সরিয়ে অন্য একজন প্রতিনিধিকে ভারপ্রাপ্ত চেয়ার হিসেবে দেখানো হয়। কোন পর্ষদ সভার সিদ্ধান্তে এই পরিবর্তন আনা হলো এবং শূন্য পদ পূরণের নিয়ম মানা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

নির্বাহী কমিটির সদস্যদের কাছে পাঠানো চিঠিতে চেয়ার স্বাধীন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নির্বাহী পরিচালককে সাময়িক বরখাস্ত করার আহ্বান জানান এবং প্রশাসনিক, আর্থিক ও নৈতিক অনিয়মের অভিযোগের বিষয়ে কমিটির সদস্যদের ব্যক্তিগত মতামত চান। পাশাপাশি আর্থিক অভিযোগগুলো খতিয়ে দেখে দায়িত্ব পালনের জন্য সংস্থার কোষাধ্যক্ষের প্রতিও আহ্বান জানান তিনি।

এরই মধ্যে ২০২৬ সালের ১০ অক্টোবর কেনিয়ার নাইরোবিতে নির্বাহী কমিটির একটি বিশেষ সভা ডাকার প্রস্তাব দেন আদেলেগান। কিন্তু বাংলাদেশ ও পাকিস্তান আনুষ্ঠানিকভাবে এর বিরোধিতা করে। পিপিডির পরিচালনা কাঠামোয় সেক্রেটারির দায়িত্বে থাকা পাকিস্তান জানিয়ে দেয়, প্রস্তাবিত সশরীর সভাটি বাতিল করা হয়েছে এবং পরবর্তী যেকোনো সভা নির্ধারিত প্রক্রিয়া মেনে ডাকতে হবে। বাংলাদেশও একক ক্ষমতায় সভা ডাকার বিষয়ে নির্বাহী পরিচালকের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে তা স্থগিত বা বাতিলের অনুরোধ জানায়। আর্থিক সংকটের সময়ে আন্তর্জাতিক সভা আয়োজনের ব্যয় ও প্রাতিষ্ঠানিক নিয়মকানুন নিয়েও দুই দেশ উদ্বেগ প্রকাশ করে।

এই টানাপোড়েনের মধ্যেই নাইরোবিতে ৩০ নভেম্বর থেকে ১ ডিসেম্বর দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা বিষয়ে আন্তর্জাতিক আন্তমন্ত্রণালয় সম্মেলন এবং ৪ ডিসেম্বর পর্যন্ত নির্বাহী কমিটি ও বোর্ডের সভার নতুন আমন্ত্রণ পাঠানো হয়েছে। ১১ নভেম্বর কেনিয়ার ন্যাশনাল কাউন্সিল ফর পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (যাদের প্রতিনিধি পিপিডির কোষাধ্যক্ষের দায়িত্বে রয়েছেন) পক্ষ থেকে 'ডিমুন ফাউন্ডেশন'-এর একজন প্রতিনিধিকে সম্মেলন ও পরিচালনাসংক্রান্ত সভাগুলোতে অংশ নিতে আলাদা আমন্ত্রণ জানানো হয়।

পরবর্তী সভাগুলোর আনুষ্ঠানিক অনুমোদন কে দিয়েছেন, নির্বাচিত সেক্রেটারির ভূমিকা কী ছিল এবং বাংলাদেশ ও পাকিস্তানের আগের আপত্তির কী সমাধান হয়েছে, তা এখনো অস্পষ্ট। তা ছাড়া আদালতের অনুমতি না পেলে কিংবা নিষেধাজ্ঞার আদেশ পরিবর্তন না হলে দেশত্যাগের নিষেধাজ্ঞার কারণে নির্বাহী পরিচালকের পক্ষে সরাসরি নাইরোবি সম্মেলনে যোগ দেওয়াও সম্ভব হওয়ার কথা নয়।

বাংলাদেশের কূটনৈতিক সুবিধা কাজে লাগিয়ে নিউইয়র্ক ও জেনেভায় বন্ধ কার্যালয় চালুর চেষ্টা ২০২৬ সালের মে মাসে ৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের সাইডলাইনে অধ্যাপক আদেলেগান জেনেভায় পিপিডির একটি প্রতিনিধি কার্যালয় খোলার বিষয়ে হেলথ ইনোভেশন এক্সচেঞ্জের (এইচআইইএক্স) সঙ্গে নীতিগত চুক্তি করেন। এই উদ্যোগে পিপিডির সাবেক নির্বাহী পরিচালক ড. জো থমাসের এক সহযোগী যুক্ত আছেন বলে জানা গেছে। বিদেশি কার্যালয় খোলার বৈধতা নিয়ে প্রশ্ন তোলায় সংস্থার বেশ কয়েকজন কর্মীকে প্রতিশোধমূলক শাস্তি বা চাকরিচ্যুতির মুখে পড়তে হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

২০২৬ সালের অক্টোবরে পিপিডি নিউইয়র্কে জাতিসংঘে তাদের স্থায়ী পর্যবেক্ষক মিশন পুনরায় চালুর ঘোষণা দেয় এবং মাইয়েল মারাইয়া রজার্সকে মনোনীত স্থায়ী পর্যবেক্ষক হিসেবে গ্রহণ করে। অথচ ২০১৭ ও ২০১৮ সালে চীনের সভাপতিত্বকালে নেওয়া বোর্ডের সিদ্ধান্তেই পিপিডির বিদেশি মিশনগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। ফলে জেনেভা ও নিউইয়র্কের নতুন উদ্যোগের আগে যথাযথ কর্তৃপক্ষ আগের সিদ্ধান্তগুলো আনুষ্ঠানিকভাবে বাতিল করেছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

২০২৬ সালের সেপ্টেম্বরে দক্ষিণ কোরিয়াভিত্তিক 'ডিমুন ফাউন্ডেশন'-এর সঙ্গে পিপিডির একটি চুক্তি কার্যকর হয়, যাতে নিউইয়র্ক, জেনেভা ও ভিয়েনায় প্রস্তাবিত প্রতিনিধিত্বের জন্য প্রাতিষ্ঠানিক সহায়তার কথা বলা হয়েছে। ওই ফাউন্ডেশন তাদের সচিবালয়ের সদস্য মাইয়েল মারাইয়া রজার্সকে পিপিডির মনোনীত স্থায়ী পর্যবেক্ষক হিসেবে মনোনয়ন দেয়।

তবে ডিমুন ফাউন্ডেশন নিশ্চিত করেছে, পিপিডির সঙ্গে তাদের চুক্তি বা মিস মাইয়েল মারাইয়া রজার্সের মনোনয়ন অনুমোদনের বিষয়ে বোর্ড বা নির্বাহী কমিটির কোনো রেজল্যুশন তারা পায়নি। ফাউন্ডেশনটি আরও জানিয়েছে, রজার্সকে তখনো আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়া হয়নি এবং জাতিসংঘের প্রটোকল অ্যান্ড লিয়াজোঁ সার্ভিসেও তাঁর নিবন্ধন সম্পন্ন হয়নি।

তা সত্ত্বেও পিপিডির অফিশিয়াল ওয়েবসাইটে কর্মীদের তালিকাসহ বিভিন্ন জায়গায় রজার্সকে জাতিসংঘে সংস্থাটির স্থায়ী পর্যবেক্ষক হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।

প্রয়োজà