সরেজমিন নিউজ
জাতীয়

জনস্বাস্থ্যের বড় চ্যালেঞ্জ ডায়াবেটিস, সচেতনতায় কমবে ঝুঁকি: প্রধানমন্ত্রী

ডায়াবেটিস বর্তমান বিশ্বব্যাপী অন্যতম প্রধান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশেও প্রতিনিয়ত বাড়ছে এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা, যা জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে সচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এর ঝুঁকি ও জটিলতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

আগামীকাল শনিবার (১৪ নভেম্বর) ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে আজ শুক্রবার দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। এবারের বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য হলো—‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’।

বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরাও যথাযথ চিকিৎসা ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে সুস্থ, স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন করতে পারেন। একই সঙ্গে যারা এখনো এ রোগে আক্রান্ত হননি, তাঁদেরও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য গ্রহণ এবং শরীরচর্চার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধে সচেষ্ট থাকা উচিত।

তিনি আরও বলেন, ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকলে হৃদযন্ত্র, কিডনি, চোখসহ শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি এর জটিলতা জীবনহানির কারণও হতে পারে। তবে সময়মতো রোগ শনাক্তকরণ, সঠিক চিকিৎসা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম এবং সচেতন জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা গড়ে তোলা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার প্রতিটি মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায়, যাতে সবাই সুস্থ, কর্মক্ষম ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারেন। এ লক্ষ্য অর্জনে সরকার, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।

তারেক রহমান বলেন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে প্রতিবছরের মতো এবারও ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ পালিত হচ্ছে। বাংলাদেশের উদ্যোগ ও প্রচেষ্টায় দিবসটি জাতিসংঘের স্বীকৃতি লাভ করেছে। গত দুই দশক ধরে বিশ্বব্যাপী এ দিবস পালিত হয়ে আসছে, যা দেশের জন্য গৌরবের বিষয়। প্রতিষ্ঠালগ্ন থেকে ডায়াবেটিস প্রতিরোধ, চিকিৎসাসেবা সম্প্রসারণ, গবেষণা এবং জনসচেতনতা সৃষ্টিতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতেও সমিতি তার সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করবে এবং ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সরকারের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। বাণীতে তিনি দিবসটি উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সব সদস্য, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং ‘বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬’ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সাফল্য কামনা করেন।

ট্যাগ: ডায়াবেটিসতারেক রহমানজনস্বাস্থ্য