সরেজমিন নিউজ
রাজনীতি

কূটনৈতিক টানাপোড়েনের মাঝেও ঢাকার সঙ্গে ‘ইতিবাচক ও গঠনমূলক’ সম্পর্ক চায় দিল্লি

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে সংবাদ ব্রিফিংয়ে বক্তব্য দিচ্ছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: সংগৃহীত
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে সংবাদ ব্রিফিংয়ে বক্তব্য দিচ্ছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: সংগৃহীত

দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা এবং নির্ধারিত কনস্যুলার সংলাপ পিছিয়ে যাওয়ার পরও বাংলাদেশের সঙ্গে ‘ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী’ সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথা জানিয়েছে ভারত।

শুক্রবার সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই অবস্থান তুলে ধরেন। আগামী সপ্তাহে ভারত ও বাংলাদেশের পরবর্তী কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে জয়সওয়াল জানান, দুই পক্ষের সুবিধাজনক সময়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

সংবাদ ব্রিফিংয়ে ভারতীয় মুখপাত্র বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত।’

তিনি আরও জানান, দুই দেশ বিভিন্ন কাঠামোগত ব্যবস্থার আওতায় নিয়মিত যোগাযোগ অব্যাহত রেখেছে। ইতোমধ্যে বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে দুই দেশের মধ্যে বৈঠক হয়েছে। আগামীতে কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত হলে তাতে সংশোধিত ভ্রমণব্যবস্থা নিয়েও আলোচনা হবে।

জয়সওয়াল বলেন, ‘বিদ্যমান ব্যবস্থাগুলোর আওতায়, কারিগরি পর্যায়সহ, বাংলাদেশের সঙ্গে সব দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করতে ভারত প্রস্তুত রয়েছে।’

উল্লেখ্য, গত ৫ আগস্ট নয়াদিল্লিতে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে নতুন করে টানাপোড়েন শুরু হয়। ওই ঘটনার পর শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি আবারও জানায় ঢাকা। তবে ওই সংবাদ সম্মেলন আয়োজনে ভারতের কোনো ভূমিকা ছিল না এবং তাঁর বক্তব্যকেও ভারত সমর্থন করেনি জানিয়ে দেশটি ওই অনুষ্ঠান থেকে নিজেদের দূরে সরিয়ে নেয়।

ট্যাগ: ভারতবাংলাদেশকূটনৈতিক উত্তেজনা