সরেজমিন নিউজ
জাতীয়

জলবায়ু সহনশীলতা বাড়াতে ৩৭৩ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং উপকূলীয় অঞ্চলের সহনশীলতা বাড়াতে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস (সিআইএফ) থেকে তিন কোটি মার্কিন ডলার অর্থায়ন পেতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৭৩ কোটি ২৩ লাখ টাকা। প্রাথমিকভাবে এই অর্থায়নের জন্য বিবেচিত পাঁচটি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম।

শুক্রবার তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-৩১)-এর ব্লু জোনে বাংলাদেশ প্রতিনিধিদল আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এ তথ্য জানান। তিনি বলেন, প্রাপ্ত অর্থ উপকূলীয় অবকাঠামো শক্তিশালীকরণ এবং জলবায়ুবান্ধব কৃষি কার্যক্রম সম্প্রসারণে ব্যয় করা হবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এ ব্রিফিংয়ের আয়োজন করে।

ব্রিফিংয়ে পরিবেশমন্ত্রী বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম, অথচ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে দেশটি সবচেয়ে ক্ষতিগ্রস্তদের তালিকায় রয়েছে। ঘূর্ণিঝড়, বন্যা, লবণাক্ততা বৃদ্ধি ও তাপপ্রবাহের মতো দুর্যোগ দেশের মানুষের জীবন-জীবিকা, কৃষি ও অবকাঠামোকে হুমকির মুখে ফেলছে। বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) ২০২৬ সালের হালনাগাদ তথ্য উল্লেখ করে তিনি জানান, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বৈশ্বিক গড় তাপমাত্রা প্রাক্-শিল্পায়ন যুগের তুলনায় প্রায় ১ দশমিক ৪৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।

সীমিত সম্পদ সত্ত্বেও বাংলাদেশ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উচ্চাভিলাষী পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে আবদুল আউয়াল মিন্টু বলেন, বাংলাদেশের তৃতীয় জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি ৩.০) অনুযায়ী ২০৩৫ সালের মধ্যে নিজস্ব সক্ষমতায় ৬ দশমিক ৩৯ শতাংশ এবং আন্তর্জাতিক সহায়তা সাপেক্ষে অতিরিক্ত ১৩ দশমিক ৯২ শতাংশ গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে নবায়নযোগ্য জ্বালানি, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ, বৃক্ষরোপণ, খাল পুনরুদ্ধার ও আগাম সতর্কীকরণ ব্যবস্থা শক্তিশালী করা হচ্ছে।

জলবায়ু অর্থায়নের প্রক্রিয়া সহজ করার দাবি জানিয়ে মন্ত্রী বলেন, স্বল্পোন্নত দেশগুলোর জোট ২০৩৫ সালের আগেই অভিযোজন অর্থায়ন তিন গুণ বাড়িয়ে বছরে ১২০ বিলিয়ন ডলারে উন্নীত করার যে দাবি জানিয়েছে, বাংলাদেশ তাতে পূর্ণ সমর্থন দেয়। পাশাপাশি গ্রিন ক্লাইমেট ফান্ডসহ অন্যান্য তহবিল থেকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সরাসরি ও অনুদানভিত্তিক অর্থপ্রাপ্তির সুযোগ বাড়ানোর আহ্বান জানান তিনি।

ক্ষয়ক্ষতি মোকাবিলা তহবিলের (লস অ্যান্ড ড্যামেজ ফান্ড) বর্তমান অর্থকে অপ্রতুল উল্লেখ করে পরিবেশমন্ত্রী বলেন, জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি এখন আর ভবিষ্যতের আশঙ্কা নয়, বরং বর্তমান বাস্তবতা। তাই এই তহবিলে উন্নত দেশগুলোর অবদান বৃদ্ধি এবং দ্রুত অর্থ ছাড় নিশ্চিত করা জরুরি। এ ছাড়া বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে ২০২৬ সালের পরেও প্রশমন কর্মসূচি ২০৩০ সাল পর্যন্ত অব্যাহত রাখার পক্ষে মত দেন তিনি।

জলবায়ুবান্ধব অর্থনীতি ও জ্বালানি ব্যবস্থায় 'ন্যায্য রূপান্তরের' ওপর গুরুত্বারোপ করে আবদুল আউয়াল মিন্টু বলেন, এই প্রক্রিয়ায় শ্রমিক, কৃষক, নারী, তরুণ ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বার্থ ও শোভন কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। কপ-৩১ সম্মেলনের প্রথম চার দিনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হলেও বেশ কিছু বিষয়ে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, সম্মেলন শেষে জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও অভিযোজন নিয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত আসবে।

ট্যাগ: জলবায়ুসিআইএফবাংলাদেশকপ-৩১