কক্সবাজারের রামুতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি পিকআপ জব্দ করা হয়েছে। এ সময় পিকআপের চালককে আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর একটি টহল দল মরিচা চেকপোস্ট এলাকায় তল্লাশি চালায়। এ সময় সন্দেহজনক একটি পিকআপ গাড়ি থামানো হলে চালকের আচরণ সন্দেহজনক মনে হয়। পরে গাড়িটি তল্লাশি করে বিশেষভাবে লুকানো অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক চালকের নাম মো. রিফাত (২৫)। তিনি ঈদগাঁও উপজেলার খোদাই বাড়ি এলাকার বাসিন্দা। তার পিতার নাম চাবের আহমেদ।
বিজিবি জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা। এছাড়া জব্দকৃত পিকআপ গাড়ির মূল্য প্রায় ২১ লাখ টাকা এবং একটি মোবাইল ফোনের মূল্য প্রায় ২০ হাজার টাকা। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মোট মূল্য ৫১ লাখ ২০ হাজার টাকা।
বিজিবির জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, টেকনাফের শাপলাপুর এলাকার আহিদুল আলম (৩৫) ইয়াবা পাচারের সঙ্গে জড়িত। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।
আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে আটক ব্যক্তি ও জব্দকৃত মালামাল রামু থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) কর্তৃপক্ষ।
বিজিবি আরও জানায়, মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এস.এম হুমায়ুন কবির, কক্সবাজার 
