সুনামগঞ্জের দিরাইয়ে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট এবং শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,বিগত আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে দেশে বিনিয়োগে এক ধরণের স্থবিরতা বিরাজ করছিল। বিনিয়োগ না হলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয় না, যার সরাসরি প্রভাব পড়ে মানুষের ক্রয়ক্ষমতার ওপর এবং দারিদ্র্য বৃদ্ধি পায়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি বিনিয়োগ-বান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
গতকাল মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের উত্তর সূরিয়ারপাড় গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আকিল শাহ, রাধানগর ও উত্তর সূরিয়ারপাড় গ্রামের মোট ৬৯৭ জন নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
মধ্যপ্রাচ্যের চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা নিয়ে মন্ত্রী বলেন, ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে বিশ্ব বাণিজ্যে কিছু নেতিবাচক প্রভাব পড়া স্বাভাবিক। বিশেষ করে নৌপথ যদি দীর্ঘসময় বিঘ্নিত হয়, তবে পণ্য পরিবহনের খরচ বাড়বে। তবে বাংলাদেশের সাধারণ মানুষের উদ্বেগের কারণ নেই,এই মুহূর্তে দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার কোনো শঙ্কা নেই।
ফ্যামিলি কার্ড বিতরণকে সরকারের একটি মাইলফলক উদ্যোগ হিসেবে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ফ্যামিলি কার্ড ছিল আমাদের অন্যতম প্রধান অঙ্গীকার। বর্তমান সরকার এ ব্যাপারে অত্যন্ত আন্তরিক। দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই দেশের প্রত্যন্ত অঞ্চলে এই কার্ড পৌঁছে দিয়ে প্রমাণ করা হয়েছে যে, জনকল্যাণে আমরা কতটা দৃঢ় প্রতিজ্ঞ। আমরা সাধারণ মানুষের মুখে হাসি দেখতে চাই।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের পরিচালক মো. শহীদুল ইসলাম, দিরাই উপজেলা নির্বাহী অফিসার সনজীব সরকার প্রমুখ।
বক্তারা সরকারের এই জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং তৃণমূল পর্যায়ে এর সুফল পৌঁছে দেওয়ার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠান শেষে স্থানীয় উপকারভোগী নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়ে কার্যক্রমের শুভ সূচনা করেন মন্ত্রী।

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি 