সরেজমিন নিউজ
রাজনীতি

‘মুক্তিযুদ্ধের কথা বলায় হিমালয়সম চাপ’-ইটনায় ফজলুর রহমান

কিশোরগঞ্জের ইটনায় ধর্মীয় অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। ছবিঃ সংগৃহীত
কিশোরগঞ্জের ইটনায় ধর্মীয় অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। ছবিঃ সংগৃহীত

মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনা নিয়ে কথা বলা এবং সেই স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করতে গিয়ে নিজের ওপর হিমালয় পর্বতের মতো চাপ সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। একই সঙ্গে তার বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র ও অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

শুক্রবার কিশোরগঞ্জের ইটনা উপজেলার ধনপুর এলাকায় শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বক্তব্যে ফজলুর রহমান বলেন, মুক্তিযুদ্ধের আদর্শ রক্ষা, মুক্তিযুদ্ধের কথা বলা এবং সেই স্বপ্ন বাস্তবায়নের কথা বলতে গিয়ে তাকে ব্যাপক চাপের মুখে পড়তে হচ্ছে। তার বিরুদ্ধে এমন চক্রান্ত চলছে, যা বাংলাদেশের অন্য কোনো রাজনীতিকের বিরুদ্ধে আগে হয়েছে কি না, তা তার জানা নেই।

মুক্তিযুদ্ধের সময় ধনপুরে আসার স্মৃতিচারণ করে তিনি বলেন, যুদ্ধের সময় প্রথম এই এলাকায় এসে নেমেছিলেন তিনি। তখন সেখানে কোনো বাড়িঘর ছিল না। সেই সময়ের স্মৃতি এখনো তার মনে রয়েছে। অথচ মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে বর্তমানে স্বাধীনতাবিরোধী শক্তির নানা ষড়যন্ত্র ও অপপ্রচারের মুখোমুখি হতে হচ্ছে।

তিনি আরও বলেন, আলবদর-রাজাকারের সন্তান এবং স্বাধীনতাবিরোধী শক্তির লোকজন প্রতিনিয়ত তার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। ইউটিউবে এসব অপপ্রচারের নমুনা দেখা যায় বলেও মন্তব্য করেন তিনি।

নিজের ওপর তৈরি হওয়া চাপের কথা তুলে ধরে ফজলুর রহমান বলেন, এই পরিস্থিতি তিনি কতটা সহ্য করতে পারবেন কিংবা বেঁচে থাকবেন কি না, তা আল্লাহই জানেন। এ সময় উপস্থিত সবার কাছে তার জন্য আশীর্বাদ কামনা করেন তিনি।

বক্তব্যে সত্যের জয় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই সংসদ সদস্য। তার ভাষ্য, মুক্তিযুদ্ধের জয় হবে এবং স্বাধীনতাবিরোধী শক্তির পরাজয় ঘটবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আস্থা প্রকাশ করে ফজলুর রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান হিসেবে তারেক রহমান সত্য ও মিথ্যার পার্থক্য বুঝতে পারবেন। তার বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের বিষয়েও যথাযথ বিচার করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

বক্তব্যের শেষ পর্যায়ে ফজলুর রহমান বলেন, তিনি বিশ্বাস করেন সত্যের জয় হবে এবং মিথ্যার পরাজয় ঘটবে।

ট্যাগ: ফজলুর রহমানকিশোরগঞ্জ-৪ইটনাধনপুরমুক্তিযুদ্ধমুক্তিযুদ্ধের আদর্শহিমালয়সম চাপতারেক রহমানকিশোরগঞ্জ সংবাদরাজনৈতিক বক্তব্য