সরেজমিন নিউজ
রাজনীতি

আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ধারণ করবে আদালত: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত শেষে বিচারিক প্রক্রিয়াতেই দলটির রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তাঁর ভাষ্য, এ বিষয়ে সরকারের সিদ্ধান্ত নয়, আদালতের নির্দেশনা ও প্রচলিত আইনের বিধানই চূড়ান্ত বিবেচ্য হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গসংগঠনের যৌথ প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে। তদন্ত শেষ হলে আইনানুগ প্রক্রিয়ায় অভিযোগ গঠন ও অভিযোগপত্র দাখিল করা হবে। এরপর আদালত আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবেন।

তিনি আরও বলেন, সংবিধানের ৪৭ অনুচ্ছেদ এবং সন্ত্রাসবিরোধী আইনের সংশোধিত বিধান অনুযায়ী মানবতাবিরোধী অপরাধে জড়িত ব্যক্তি ও সংগঠনের বিচার করা সম্ভব। আওয়ামী লীগের বিরুদ্ধে চলমান তদন্ত শেষ হলে যথাযথ আইনি প্রক্রিয়ায় বিচার কার্যক্রম এগোবে।

দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি রাজনৈতিক অস্থিরতা দেখছেন না। গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার ও বিএনপি গণতান্ত্রিক উপায়ে রাষ্ট্র পরিচালনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। সরকার কোনো ধরনের রক্তপাত চায়নি। জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলা এবং রাজনৈতিক কর্মকাণ্ডে গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণের অঙ্গীকার করেছে বিএনপি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত বলপ্রয়োগ করবে না। তবে জনগণের জানমাল সুরক্ষায় প্রয়োজন হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, বিজয়ের মাস উপলক্ষে আগামী ১ ডিসেম্বর বড় সমাবেশের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচি শুরু করবে বিএনপি। ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালনসহ ৩১ ডিসেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এসব কর্মসূচিতে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন বলে জানান সালাহউদ্দিন আহমদ।

কর্মসূচি সফল করতে দলের কেন্দ্রীয়, মহানগর ও অঙ্গসংগঠনের নেতারা প্রস্তুতি নিয়েছেন বলেও জানান তিনি।

এর আগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানান, ১ ডিসেম্বর বিজয়ের মাসের উদ্বোধনী অনুষ্ঠানে বড় সমাবেশের আয়োজন করা হবে। এ উপলক্ষে দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের নিয়ে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রিজভী আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক অগ্নিসংযোগ, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং বিএনপির নেতাকর্মীদের হত্যার ঘটনা ঘটেছে। নড়াইলের কালিয়া ও ফরিদপুরের ভাঙ্গায় হত্যাকাণ্ডের জন্য তিনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অনুসারীদের দায়ী করেন।

প্রতিবেশী দেশ থেকে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে হুমকির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে রিজভী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর কোনো ধরনের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।

ট্যাগ: আওয়ামী লীগসালাহউদ্দিন আহমদস্বরাষ্ট্রমন্ত্রীমানবতাবিরোধী অপরাধবিএনপিআদালতরাজনৈতিক ভবিষ্যৎবিজয় দিবসবিজয়ের মাস