সরেজমিন নিউজ
আপরাধ

নারায়ণগঞ্জ সাত খুন মামলা: আপিল শুনানি ৮ ডিসেম্বর পর্যন্ত মুলতবি

নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলায় আসামিদের সাজা নিয়ে করা আপিলের শুনানি আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চে দ্বিতীয় দিনের মতো শুনানি অনুষ্ঠিত হয়। তবে নির্ধারিত সময়ে শুনানি শেষ না হওয়ায় পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।

মামলার ৩৫ আসামির সাজা চ্যালেঞ্জ করে করা ২২টি ক্রিমিনাল আপিল এবং ১৬টি ক্রিমিনাল পিটিশনের ওপর একসঙ্গে শুনানি চলছে। গত ২৫ নভেম্বর প্রথম দিনের শুনানি অনুষ্ঠিত হয়।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কার্যালয় জানিয়েছে, মামলাসংশ্লিষ্ট নথি সংরক্ষিত রয়েছে মোট ১৪২টি ভলিউমে। এসব নথিতে পৃষ্ঠার সংখ্যা ৮৩ হাজার ১৭২।

যেভাবে ঘটেছিল সাত খুনের ঘটনা

২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ করা হয়। অপহরণের তিন দিন পর তাদের মরদেহ উদ্ধার করা হলে দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নিহত সাতজন হলেন—নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার এবং তার গাড়িচালক ইব্রাহিম।

এ ঘটনায় ফতুল্লা থানায় দুটি পৃথক হত্যা মামলা দায়ের করা হয়। নজরুল ইসলাম ও তার চার সহযোগী হত্যার ঘটনায় তার স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে একটি মামলা করেন। অন্যদিকে আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহিম হত্যার ঘটনায় মামলা করেন চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল।

বিচারিক আদালতে ২৬ জনের মৃত্যুদণ্ড

দুটি মামলার বিচার একসঙ্গে সম্পন্ন করে ২০১৭ সালের ১৬ জানুয়ারি রায় ঘোষণা করেন নারায়ণগঞ্জের বিচারিক আদালত। রায়ে নূর হোসেন এবং র‍্যাবের তৎকালীন তিন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। অন্য নয় আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

র‍্যাবের বরখাস্ত হওয়া তিন কর্মকর্তা হলেন সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (অব.) তারেক সাঈদ মুহাম্মদ, মেজর (অব.) আরিফ হোসেন এবং লেফটেন্যান্ট কমান্ডার (অব.) মাসুদ রানা।

বিচারিক আদালতের রায়ের পর আসামিরা আপিল করেন। পাশাপাশি মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স পাঠানো হয় হাইকোর্টে।

হাইকোর্টে ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল

মামলার নথি হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখা থেকে বিজি প্রেসে পাঠানোর পর পেপারবুক প্রস্তুত করা হয়। ২০১৭ সালের ৭ মে তা হাইকোর্টে পাঠানো হয়। একই বছরের ২২ মে থেকে আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয়।

দীর্ঘ শুনানি শেষে ২০১৭ সালের ২২ আগস্ট রায় ঘোষণা করেন হাইকোর্ট। এতে বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া ২৬ আসামির মধ্যে ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। বাকি ১১ জনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড পাওয়া অপর নয় আসামির সাজাও বহাল রাখেন আদালত।

মৃত্যুদণ্ড বহাল থাকা আসামিদের মধ্যে রয়েছেন সাবেক কাউন্সিলর নূর হোসেন এবং র‍্যাব-১১-এর চাকরিচ্যুত তিন কর্মকর্তা তারেক সাঈদ মুহাম্মদ, আরিফ হোসেন ও মাসুদ রানা।

এ ছাড়া মৃত্যুদণ্ড বহাল থাকা অন্য আসামিরা হলেন—সাবেক র‍্যাব সদস্য মো. এমদাদুল হক, হীরা মিয়া, এবি মো. আরিফ হোসেন, বেলাল হোসেন, আবু তৈয়্যব আলী, শিহাব উদ্দিন, পূর্ণেন্দু বালা, আবদুল আলীম, মহিউদ্দিন মুন্সী, আলামিন শরীফ ও তাজুল ইসলাম।

যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ১১ আসামির মধ্যে রয়েছেন র‍্যাবের সাবেক সদস্য আসাদুজ্জামান নূর ও এনামুল কবির। এ ছাড়া নূর হোসেনের সহযোগী মূর্তজা জামান চার্চিল, আলী মোহাম্মদ, মিজানুর রহমান দিপু, আবুল বাশার, রহম আলী, জামাল উদ্দিন সরদার, ভারতে গ্রেপ্তার হওয়া সেলিম, সানাউল্লাহ সানা ও শাহজাহান রয়েছেন।

অন্য নয় আসামির কারাদণ্ড বহাল

বিচারিক আদালতে মৃত্যুদণ্ডের বাইরে বিভিন্ন মেয়াদে সাজা পাওয়া নয় আসামির কারাদণ্ডও বহাল রাখেন হাইকোর্ট।

তাদের মধ্যে কনস্টেবল হাবিবুর রহমানের ১৭ বছরের কারাদণ্ড বহাল রাখা হয়। এ ছাড়া এএসআই আবুল কালাম আজাদ, এএসআই কামাল হোসেন, কনস্টেবল বাবুল হাসান, করপোরাল মোখলেসুর রহমান, ল্যান্স করপোরাল রুহুল আমিন ও সিপাহী নুরুজ্জামানের ১০ বছর করে কারাদণ্ড বহাল থাকে।

অন্যদিকে এএসআই বজলুর রহমান ও হাবিলদার নাসির উদ্দিনের সাত বছর করে কারাদণ্ড বহাল রাখেন হাইকোর্ট।

হাইকোর্টের রায়ের পর সাজাপ্রাপ্ত আসামিরা আপিল বিভাগে আবেদন করেন। বর্তমানে এসব আপিল ও সংশ্লিষ্ট ফৌজদারি পিটিশনের ওপর শুনানি চলছে। আগামী ৮ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।

ট্যাগ: নারায়ণগঞ্জ সাত খুনসাত খুন মামলানজরুল ইসলাম হত্যাচন্দন সরকার হত্যাআপিল বিভাগের শুনানিসুপ্রিম কোর্টনূর হোসেনতারেক সাঈদআরিফ হোসেনমাসুদ রানাবাংলাদেশের আদালতসাত খুন মামলার রায়