সরেজমিন নিউজ
রাজনীতি

বাগেরহাটের মোল্লাহাটে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি

বাগেরহাটের মোল্লাহাট সেতু এলাকায় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার রাতে দুই পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।

শনিবার রাতে মোল্লাহাট উপজেলা টোল প্লাজাসংলগ্ন সেতুর গোপালগঞ্জ প্রান্তে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় সমাবেশ করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশ শেষে সন্ধ্যায় মশাল মিছিল নিয়ে তারা মোল্লাহাটের দিকে অগ্রসর হন।

এদিকে মোল্লাহাট সেতুর বাগেরহাট প্রান্তে অবস্থান নেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। একপর্যায়ে মশাল মিছিলটি সেতুর গোপালগঞ্জ প্রান্তে পৌঁছালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে তা ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়।

এ সময় উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করে। সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয়ভাবে জানা গেলেও তাৎক্ষণিকভাবে তাদের সংখ্যা ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাকে কেন্দ্র করে মোল্লাহাট সেতু ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ, বিজিবি, আনসার ও এসআরবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। একপর্যায়ে উত্তেজনা প্রশমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।

বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) মো. জামিরুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দুই পক্ষই ঘটনাস্থল থেকে সরে গেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্যাগ: বাগেরহাটমোল্লাহাটমোল্লাহাট সেতুবিএনপিআওয়ামী লীগবিএনপি আওয়ামী লীগ সংঘর্ষধাওয়া পাল্টা ধাওয়াইটপাটকেল নিক্ষেপফাঁকা গুলিগোপালগঞ্জবাগেরহাট সংবাদ